
এস এম সাইমুজ্জামান তুহিন, ধনবাড়ি, টাঙ্গাইল।
৯৮ বছর ধরে থামেনি কোরআনের তেলাওয়াত
ধনবাড়ীর নওয়াব শাহী জামে মসজিদে ইতিহাসের সঙ্গে মিশে আছে পবিত্রতার সুর।
সময় বদলেছে, বদলেছে মানুষের জীবনযাত্রা। কিন্তু বদলায়নি একটি ঐতিহ্য। টাঙ্গাইলের ধনবাড়ীর ঐতিহাসিক নওয়াব শাহী জামে মসজিদে প্রায় ৯৮ বছর ধরে ২৪ ঘণ্টা পালাক্রমে চলছে পবিত্র কোরআন তেলাওয়াত। শতবর্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা এই অনন্য ধারাবাহিকতা মসজিদটিকে শুধু একটি উপাসনালয় নয়, বরং ধর্মীয় ঐতিহ্য ও ইতিহাসের জীবন্ত স্মারকে পরিণত করেছে।
প্রায় ৭০০ বছরের পুরোনো নওয়াব শাহী জামে মসজিদটি ধনবাড়ীর অন্যতম ঐতিহাসিক স্থাপনা। পাঁচ ওয়াক্ত নামাজের সময় বাদে দিনের বিভিন্ন সময়ে হাফেজরা পালাক্রমে কোরআন তেলাওয়াত করেন। ফলে মসজিদের আঙিনা ও আশপাশের পরিবেশে দীর্ঘ সময় ধরে প্রতিধ্বনিত হয় পবিত্র কোরআনের বাণী।
মসজিদটির স্থাপত্যেও রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। ছোট-বড় গম্বুজ, মিনার, কারুকার্যময় দরজা-জানালা ও নান্দনিক নকশা প্রাচীন স্থাপত্যশৈলীর সাক্ষ্য বহন করছে। সময়ের প্রয়োজনে সংস্কার হলেও মসজিদের ঐতিহাসিক আবহ ও ঐতিহ্যের মূল কাঠামো এখনও দর্শনার্থীদের মুগ্ধ করে।
মসজিদ-সংশ্লিষ্টদের তথ্যমতে, প্রায় ১৯২৯ সাল থেকে এখানে নিয়মিতভাবে এই ২৪ ঘণ্টার কোরআন তেলাওয়াতের ধারা চলে আসছে। একসময় মসজিদের ভেতরে নারিকেল তেল ব্যবহার করে আলো জ্বালানোর ব্যবস্থাও ছিল। আধুনিকতার ছোঁয়ায় সেই ব্যবস্থা বদলে গেলেও কয়েক প্রজন্ম পেরিয়ে কোরআন তেলাওয়াতের ঐতিহ্য এখনও অটুট রয়েছে।
ধর্মীয় আবহের পাশাপাশি স্থাপত্য ও ইতিহাসের কারণে নওয়াব শাহী জামে মসজিদটি স্থানীয় মানুষের কাছে বিশেষ মর্যাদার। দেশ-বিদেশের দর্শনার্থীরাও মসজিদটির প্রাচীন স্থাপত্য দেখতে ছুটে আসেন।
কালের স্রোতে বহু স্থাপনা হারিয়েছে তার পুরোনো রূপ, কিন্তু নওয়াব শাহী জামে মসজিদে এখনও ইতিহাসের দেয়াল ছুঁয়ে ভেসে আসে কোরআনের তেলাওয়াত—৯৮ বছরের এক বিরল ও অনন্য ঐতিহ্যের জীবন্ত সাক্ষ্য।

এসএম সাইমুজ্জামান তুহিন, ধনবাড়ী 














