
এস এম সাইমুজ্জামান তুহিন, ধনবাড়ি, টাঙ্গাইল।
আকিজ গ্রুপের উদ্যোগে ধনবাড়ীতে বৃক্ষরোপণ, সবুজায়নের বার্তা
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপের সৌজন্যে সারাদেশে এক লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ২৩ আগস্ট উত্তর টাঙ্গাইলের ও ধনবাড়ী উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পাইস্কা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ঔষধি, ফুল ও বনজ চারা রোপণ করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় চত্বরে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ রক্ষা, বৃক্ষের প্রয়োজনীয়তা এবং সবুজ পৃথিবী গড়ে তোলার বিষয়ে সচেতন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে আকিজ গ্রুপের এমন ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানানো হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, “বৃক্ষ আমাদের জীবন ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে তাদের পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তোলার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এমন সুন্দর কর্মসূচি গ্রহণের জন্য আকিজ গ্রুপকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
আয়োজকরা জানান, একটি গাছ শুধু পরিবেশকে শীতল রাখে না, বরং মানুষের জীবন ও জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ব্যাপকভাবে বৃক্ষরোপণের মাধ্যমে দেশের প্রতিটি এলাকায় সবুজের পরিধি বাড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
পাইস্কা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচি শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে পরিবেশ রক্ষার নতুন প্রত্যয় সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে ধনবাড়ীসহ সারাদেশে সবুজায়নের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।

Reporter Name 










