
এস এম সাইমুজ্জামান তুহিন, ধনবাড়ি, টাঙ্গাইল।
টাঙ্গাইলে জানালার গ্রিল কেটে স্কুলে দুর্ধর্ষ চুরি, প্রজেক্টরসহ মালামাল লুট
টাঙ্গাইলের ধনবাড়ীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জানালার গ্রিল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল বিদ্যালয়ের অফিসকক্ষে ঢুকে একটি প্রজেক্টর, নগদ টাকাসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের ডা. আনোয়ার শামসুননাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট দিবাগত রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা অফিসকক্ষের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে চোরেরা ভেতরের শোকেস ও আসবাবপত্রে তল্লাশি চালিয়ে পাঠদানে ব্যবহৃত গুরুত্বপূর্ণ প্রজেক্টর, নগদ টাকা এবং অন্যান্য জরুরি সরঞ্জাম নিয়ে পালিয়ে যায়। ১৮ আগস্ট সকালে শিক্ষকরা বিদ্যালয়ে এসে অফিসকক্ষের গ্রিল কাটা এবং মালামাল এলোমেলো অবস্থায় দেখে চুরির বিষয়টি বুঝতে পারেন।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টরা জানান, জানালার গ্রিল কেটে এভাবে প্রজেক্টরসহ শিক্ষাসামগ্রী চুরি হয়ে যাওয়ায় শ্রেণি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়েও চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা ও শিক্ষকদের ধারণা, এলাকার মাদকাসক্ত তরুণ বা কিশোর চক্র এই চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
এ বিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল সালাম সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চুরির অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএম সাইমুজ্জামান তুহিন, ধনবাড়ী 










