
এস এম সাইমুজ্জামান তুহিন, ধনবাড়ী, টাঙ্গাইল
১০০ টাকার স্ট্যাম্পে ‘ভুয়া দলিল’! ধনবাড়ীতে আড়াই লাখ টাকা দাবির অভিযোগ
টাঙ্গাইলের ধনবাড়ীতে ১০০ টাকার স্ট্যাম্পে ভুয়া দলিল তৈরির মাধ্যমে আড়াই লাখ টাকা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দক্ষিণ ভাতকুড়া গ্রামের মোঃ রবিউল ইসলাম (৫৪) ধনবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রবিউল ইসলামের দাবি, একই গ্রামের মোঃ আনিছুর রহমান (৪৫), মোঃ হারুন (৪০) ও মোঃ বেলাল হোসেন (৫০) পরস্পর যোগসাজশে গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তার অজ্ঞাতে ১০০ টাকার স্ট্যাম্পে একটি মিথ্যা ও ভুয়া দলিল তৈরি করেন। পরে ওই দলিল দেখিয়ে তার কাছে ২ লাখ ৫০ হাজার টাকা দাবি করা হচ্ছে।
অভিযোগে আরও বলা হয়েছে, হারুন ও বেলাল ওই দলিলে সাক্ষী হিসেবে স্বাক্ষর করেছেন। টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন রবিউল ইসলাম।
রবিউল ইসলাম বলেন, “আমি কোনো দলিলে স্বাক্ষর করিনি। আমার স্বাক্ষর জাল করে দলিল তৈরি করে আমার কাছে টাকা দাবি করা হচ্ছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
অভিযোগের বিষয়ে আনিছুর রহমানের বক্তব্য জানতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বলেন, “আমি কোনো জাল স্বাক্ষর বা দলিল করিনি।” তবে দলিলে রবিউলের স্বাক্ষর না থাকার পরও কীভাবে স্বাক্ষরযুক্ত স্ট্যাম্প এলো—এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।
দলিল লেখক মোঃ আজহারুল ইসলাম বলেন, “আনিছুর রহমান আমার কাছে স্বাক্ষর করা ১০০ টাকার স্ট্যাম্প নিয়ে আসেন। তিনি বলেন, রবিউল অসুস্থ, আসতে পারবে না; সে স্বাক্ষর করে দিয়েছে। সেই অনুযায়ী আমি দলিল লিখে দিয়েছি। যদি তিনি মিথ্যার আশ্রয় নিয়ে আমাকে দিয়ে দলিল লিখিয়ে থাকেন, তাহলে তার শাস্তি হওয়া উচিত।”
ধনবাড়ী থানার অভিযোগের তদন্ত কর্মকর্তা এএসআই জাহাঙ্গীর আলম বলেন, “লিখিত অভিযোগের তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগের সত্যতা এবং স্ট্যাম্পে ব্যবহৃত স্বাক্ষর প্রকৃতপক্ষে কার—তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

Reporter Name 








