
এস এম সাইমুজ্জামান তুহিন ধনবাড়ি টাঙ্গাইল।
মাদকমুক্ত ধনবাড়ী গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের আহ্বান
“পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে মাদকবিরোধী র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় ধনবাড়ী উপজেলা চত্বর থেকে মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি ধনবাড়ী বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট দল, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, মন্দির ও গির্জার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস নুরজাহান আক্তার সাথী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর-ধনবাড়ী আসনের সংসদ সদস্য ও মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম, ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিস দিল, ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বাবুল হাসান, ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাছুদুর রহমান, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি এম এ এস সোবহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক (ভিপি) এবং ধেপাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ধনবাড়ী উপজেলা বিএনপির সদস্য কামাল হোসেন তালুকদার।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপর। তাই মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা ধনবাড়ীকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় না দিয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষে মাদকমুক্ত ধনবাড়ী, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ধনবাড়ীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মিডিয়া কর্মীরাও অংশ নেন।
অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসএম সাইমুজ্জামান তুহিন, ধনবাড়ী 








