এস এম সাইমুজ্জামান তুহিন,(ভ্রাম্যমান প্রতিনিধি)
নাফ নদীতে চিরুনি অভিযান
কেওড়া বাগানের মাটির নিচে মিলল ২০ হাজার ইয়াবা, আটক ২
কক্সবাজারের টেকনাফে নাফ নদী ও তৎসংলগ্ন এলাকায় বিশেষ চিরুনি অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হস্তচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। আটকরা হলেন—টেকনাফের উত্তর চৌধুরীপাড়া এলাকার জাফর আহমদের ছেলে মো. আয়াছ (৩০) ও মো. রফিক (২৫)।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশের খবর পায় বিজিবি। পরে টেকনাফ বিওপির একটি আভিযানিক দল চৌধুরীপাড়া কেকে খালসংলগ্ন নাফ নদীতে অবস্থান নেয়।
দুপুরে কয়েকটি মাছ ধরার নৌকা তীরে ফেরার সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিজিবি। একপর্যায়ে একটি হস্তচালিত কাঠের নৌকায় থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ ও প্রযুক্তিগত যাচাইয়ের পর তাদের কাছ থেকে ইয়াবার চালান গ্রহণের বিষয়ে তথ্য পাওয়া যায়।
পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সহায়তায় পার্শ্ববর্তী কেওড়া বাগানে প্রায় চার ঘণ্টা চিরুনি অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে কাদামাটির প্রায় আড়াই ফুট গভীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। চোরাকারবারিরা জেলের ছদ্মবেশ কিংবা মাদক লুকানোর নতুন কৌশল অবলম্বন করলেও গোয়েন্দা নজরদারি, প্রযুক্তিগত সক্ষমতা ও সমন্বিত অভিযানের মাধ্যমে তাদের অপচেষ্টা প্রতিহত করা হবে।
বিজিবি জানায়, আটক দুই ব্যক্তি, উদ্ধার ২০ হাজার পিস ইয়াবা ও জব্দ নৌকাটি নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: নাজমুল হক
অফিস : শহীদ স্মৃতি রোড, মধুপুর, টাংগাইল।
মোবাইল : ০১৫৫২৬৬৪১৪৫
ইমেইল : nazmul.srizon24@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ মধুপুর ২৪ নিউজ