হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু
একদিনে নতুন উপসর্গ ১,১৫৯ জনের, নিশ্চিত হাম শনাক্ত ৭২
এস এম সাইমুজ্জামান তুহিন, ধনবাড়ি, টাঙ্গাইল।
দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৫৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। পাশাপাশি পরীক্ষায় আরও ৭২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৮০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৯ শিশু। উপসর্গ ও নিশ্চিত হাম—দুই হিসাব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৯ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৭২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ায় ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৮৪ জনে।
অন্যদিকে, গত এক দিনে ১ হাজার ১৫৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দেওয়ায় ১৫ মার্চ থেকে এ পর্যন্ত উপসর্গযুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৫০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, এ সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৫১৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন।
হামের উপসর্গের মধ্যে জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া ও শরীরে র্যাশ উল্লেখযোগ্য। এসব উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি আক্রান্ত ব্যক্তিকে অন্যদের থেকে আলাদা রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
শিশুদের মধ্যে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কার্যক্রম জোরদার, দ্রুত রোগ শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো: নাজমুল হক
অফিস : শহীদ স্মৃতি রোড, মধুপুর, টাংগাইল।
মোবাইল : ০১৫৫২৬৬৪১৪৫
ইমেইল : nazmul.srizon24@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ মধুপুর ২৪ নিউজ