এস এম সাইমুজ্জামান তুহিন, ধনবাড়ি, টাঙ্গাইল।
ধনবাড়ীতে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ‘নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেল ৩টায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন, ধনবাড়ীর আয়োজনে এ উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বাবুল হাসান।
দেশব্যাপী একযোগে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় নজরুলসংগীত, নজরুলের নির্বাচিত কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি নজরুলের জীবন ও কর্ম সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি করবে এ প্রতিযোগিতা।
সম্পাদক ও প্রকাশক: মো: নাজমুল হক
অফিস : শহীদ স্মৃতি রোড, মধুপুর, টাংগাইল।
মোবাইল : ০১৫৫২৬৬৪১৪৫
ইমেইল : nazmul.srizon24@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ মধুপুর ২৪ নিউজ